ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে দলটির নতুন কেন্দ্রীয় কমিটিরও ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশনে নতুন কমিটির ঘোষণা দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)।
দলীয় সূত্র জানায়, বিশেষ এই শুরা অধিবেশনে ২০২৫-২৬ সালের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এ বিশেষ বৈঠক আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত ধারার কোনো রাজনৈতিক দল নয়। শরিয়াহর অনুসরণ ও বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ইসলামি আদর্শকে ভিত্তি করেই দল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং সময়ের বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের আরও শক্তিশালী করতে চায়।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতায় জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব ইসলামী আন্দোলনের ওপর আরও বেড়েছে। তাই সংগঠনকে দক্ষ, সুসংহত ও জনসম্পৃক্ত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধিবেশনের শুরুতে বিদায়ী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্যের পর বিগত মেয়াদের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক এবং রাজনৈতিক প্রতিবেদন তুলে ধরেন দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
প্রতিবেদন উপস্থাপন শেষে শুরা সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম মহাসচিবরা হলেন-প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক এবং মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান এবং হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এদিকে দীর্ঘদিন মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। ২০০৮ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা ইউনুস আহমদের অবদানের স্বীকৃতি জানিয়ে শুরা অধিবেশনে তাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। পরে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা এবং তাদের দায়িত্ব বণ্টন করা হয়।
নবগঠিত কমিটির শীর্ষ পদসমূহ
*আমির: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর চরমোনাই)
*নায়েবে আমির: মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ
*মহাসচিব: মাওলানা গাজী আতাউর রহমান
*যুগ্ম মহাসচিব: প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন
*সহকারী মহাসচিব: মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের, *মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান *হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।