অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু, শোকাহত চলচ্চিত্র অঙ্গন
চলচ্চিত্রের পরিচিত মুখ, অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য তিনি এর আগে ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ জুন তাকে মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে তিনি চলচ্চিত্রে নৃত্য পরিচালনার মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন। তার কোরিওগ্রাফিতে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের গান দর্শকমহলে প্রশংসিত হয়েছে। নৃত্য পরিচালনার পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দেন তিনি।
শুধু শিল্পী হিসেবেই নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির বিভিন্ন দায়িত্বও পালন করেছেন জাকির হোসেন। একসময় তিনি সংগঠনটির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তার অকাল প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনের পাশাপাশি পরিবার ও স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।