আবারও বাড়ল স্বর্ণের দাম, নতুন ঘোষণা বাজুসের
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭২২ টাকা।
রোববার (২২ জুন) বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুস জানায়, সংশোধিত মূল্য তালিকা সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হবে। নতুন দামের আওতায় স্বর্ণ বিক্রি করতে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। এ কারণে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ধরন অনুযায়ী মজুরি বা মেকিং চার্জ প্রযোজ্য হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাব দেশের বাজারেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে বিনিয়োগকারী ও ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ ও উদ্বেগ দুটোই তৈরি হয়েছে।