মেসিকে ব্রাজিল দলে নেওয়ার ‘ভাবনা’, রসিকতায় আলোচনায় প্রেসিডেন্ট লুলা
বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় দলটি নিয়ে সমালোচনার মধ্যেই এক মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের পারফরম্যান্স প্রসঙ্গে রসিকতা করে লুলা বলেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে খেলানোর জন্য চুক্তিবদ্ধ করার কথা তিনি ভাবছেন।
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে বড় জয় এনে দেন মেসি। সেই প্রসঙ্গ টেনে হাস্যরসের ছলে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি ভাবছিলাম, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকেই নিয়ে আসা যায় কি না।’ তবে মজার মন্তব্যের পাশাপাশি নিজেদের দল নিয়েও আস্থা প্রকাশ করেছেন লুলা। তার মতে, মরক্কোর সঙ্গে ড্র করাকে বড় কোনো ধাক্কা হিসেবে দেখার সুযোগ নেই। তিনি মনে করেন, গ্রুপ পর্বে মরক্কোই ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।
ব্রাজিলকে নিয়ে সমালোচনার বিষয়টিও ইতিবাচকভাবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট। তার ভাষ্য, অনেক সময় দলকে নিয়ে সংশয় যত বেশি থাকে, সাফল্যের সম্ভাবনাও তত বাড়ে। এবারও এমন কিছু ঘটতে পারে বলে আশাবাদী তিনি। এদিকে, ব্রাজিল শিবিরে স্বস্তির খবর হয়ে এসেছে নেইমার জুনিয়রের অনুশীলনে ফেরা। ইনজুরি কাটিয়ে বুধবার দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও সাম্প্রতিক অনুশীলনে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, ‘আমাকে খুব মিস করছিলে নাকি?’ তবে আগামী শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ব্রাজিলের কোচিং স্টাফ।