বর্ণবাদী মন্তব্যের অভিযোগে ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়েলিটি ডেটিং অনুষ্ঠান ‘লাভ আইল্যান্ড ইউএসএ’-এর চলতি মৌসুমে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে আরও এক প্রতিযোগীকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীতের কিছু পোস্ট প্রকাশ্যে আসার পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অভিযোগ অনুযায়ী, প্রতিযোগী আলান্না কাইজার একটি পুরোনো ভিডিওতে একটি গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে বর্ণবাদী গালি উচ্চারণ করেন। এছাড়া তার ইনস্টাগ্রামের একটি মন্তব্য এবং স্ন্যাপচ্যাটে পাঠানো একটি বার্তাতেও একই ধরনের শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে।
মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিতর্কিত পোস্টগুলো একটি ব্যক্তিগত (প্রাইভেট) সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছিল। কাইজার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সেগুলো প্রকাশ্যে আসে। ফলে সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিকক-এর যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি আগে ধরা পড়েনি। গত রোববার সম্প্রচারিত পর্বে প্রথমবারের মতো কাইজারকে দর্শকদের সামনে আনা হয়। জনপ্রিয় ‘কাসা আমোর’ পর্বে নতুন প্রতিযোগী বা ‘বম্বশেল’ হিসেবে তিনি ভিলায় প্রবেশ করেছিলেন। তবে বৃহস্পতিবারের পর্বে অল্প সময়ের উপস্থিতির পর অনুষ্ঠানের বর্ণনাকারী জানান, আলান্না কাইজার কাসা আমোর ত্যাগ করেছেন।
চলতি মৌসুমে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগে কোনো প্রতিযোগীকে অনুষ্ঠান ছাড়তে হয়েছে। এর আগে প্রতিযোগীদের তালিকা প্রকাশের পর ভাসানা মন্টগোমারির দুটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকেও একই ধরনের বর্ণবাদী শব্দ ব্যবহার করতে দেখা যায়। পরে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্টগোমারি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ওই শব্দ ব্যবহারের কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। নিজের বক্তব্যের পূর্ণ দায়িত্ব স্বীকার করে তিনি ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চান।
শুধু চলতি মৌসুমেই নয়, আগের মৌসুমেও একই ধরনের অভিযোগে দুই প্রতিযোগীকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছিল। ইউলিসা এসকোবার একটি পডকাস্টে বর্ণবাদী গালি ব্যবহারের অভিযোগে বহিষ্কৃত হন। পরে টিকটকে প্রকাশিত এক ভিডিওতে তিনি ক্ষমা চান। এ ছাড়া এশীয় জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগে সিয়েরা অর্তেগাকেও অনুষ্ঠান ছাড়তে হয়। পরবর্তীতে তিনি দাবি করেন, যে শব্দটি ব্যবহার করেছিলেন সেটি বর্ণবাদী হিসেবে বিবেচিত হয়-এ বিষয়ে তার আগে ধারণা ছিল না।