ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
রাজধানী ঢাকাসহ দেশের ছয় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। নির্দেশনায় অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো-ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা। চিঠিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সেনা মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, এ উপলক্ষে নগরীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। রাজধানীর সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হবে।
পুলিশের নিয়মিত ইউনিটের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবেন।
যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডিএমপির চারটি প্রধান কন্ট্রোলরুমে অতিরিক্ত ফোর্স রিজার্ভ রাখা হবে। সব মিলিয়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।