কাতারে গ্যাস টার্মিনাল বিস্ফোরণে কাঁপল রাস লাফান, আহত ৫৪, নিখোঁজ ১৮ কর্মী
কাতারের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস রপ্তানি কেন্দ্র রাস লাফান টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার রাতে ক্ষতিগ্রস্ত স্থাপনাটির কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ১৮ জন কর্মীর সন্ধান পাওয়া যায়নি। এর আগে ইরানের হামলায় রাস লাফান শিল্পাঞ্চলের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলোর অন্যতম কাতারের এই ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালিতে কড়াকড়ির কারণে সম্প্রতি কাতারকে সাময়িকভাবে গ্যাস রপ্তানি কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারমুখী জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটে। তবে সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনা ঘিরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে এবং হরমুজ প্রণালিতে বিধিনিষেধ শিথিল হওয়ায় টার্মিনালটির কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে মেরামত ও পুনরায় কার্যক্রম চালুর কাজ চলাকালে আকস্মিক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিস্ফোরণের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা কম বলে ধারণা করা হলেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করে। একই সঙ্গে নিখোঁজ ১৮ কর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।