বিনা খরচে জার্মানিতে মাস্টার্স-পিএইচডির সুযোগ, মাসে মিলবে প্রায় ২ লাখ টাকা
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সেই স্বপ্ন অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। এবার মেধাবী ও গবেষণামুখী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে এসেছে দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ ডাড (ডিএএডি) বৃত্তি।
২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে ইউনিভার্সিটি অব গটিঙ্গেন। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষার সুযোগই পাবেন না, পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগও পাবেন।
যেসব সুবিধা মিলবে
ডাড বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে জার্মানিতে পড়াশোনার সুযোগ পাবেন। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে প্রায় ৯৩৪ ইউরো এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রায় ১ হাজার ৩০০ ইউরো ভাতা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ।
এ ছাড়া স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা সুবিধা, নির্দিষ্ট শর্তে বিমান ভাড়া সহায়তা, আবাসন ভাতা এবং পারিবারিক সহায়তার সুযোগও থাকতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে কাজ করার সুযোগও পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
আবেদন করতে যেসব কাগজপত্র লাগবে
আবেদনকারীদের অনলাইন আবেদন ফরম পূরণের পাশাপাশি হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), ইংরেজি ভাষা দক্ষতার সনদ, মোটিভেশন লেটার, দুটি সুপারিশপত্র, পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র এবং ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল, গবেষণার প্রতি আগ্রহ এবং টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী গবেষণায় আগ্রহী হতে হবে। প্রোগ্রামভেদে ইংরেজি বা জার্মান ভাষায় দক্ষতাও প্রয়োজন হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে ডাডের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর ইউনিভার্সিটি অব গটিঙ্গেনের অনলাইন আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে ফলাফল জানানো হবে।
আবেদনের শেষ সময়
২০২৭ শিক্ষাবর্ষের জন্য ডাড বৃত্তিতে আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬।