প্রতারণার মামলায় সাবেক দুই আওয়ামী লীগ নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেফতার
রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিবির ওয়ারী বিভাগের তথ্য অনুযায়ী, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করেন। পরে ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা অজুহাত দেখানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, একাধিক অভিযোগের ভিত্তিতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে শিশির মুন্নাকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে ডিবি জানতে পেরেছে, গ্রেফতার হওয়া শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও নির্মাণ, অনলাইন প্রচার কার্যক্রম এবং বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ডিবির দাবি, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও ভুয়া বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছিলেন তিনি। এছাড়া বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছে ডিবি। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।