মানহানির মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করবেন আমির হামজা
আলোচিত ইসলামী বক্তা ও সংসদ সদস্য আমির হামজা মানহানির মামলায় আত্মসমর্পণের জন্য আজ রোববার (১৪ জুন) সিরাজগঞ্জ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আমির হামজা দুপুরে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করবেন।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন আমির হামজা। পরবর্তীতে ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর গত ২ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুসরণ না করায় গত ১৭ মে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এ অবস্থায় আজ আদালতে আত্মসমর্পণের মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।