মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় সংবর্ধনা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে দেশটিতে অবস্থানরত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সোমবার (২২ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। এ সময় ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
‘পেরদানা পুত্রা’ ভবনের প্রাঙ্গণে লাল গালিচা সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণ করেন।
এরপর প্রেজেন্টেশন লাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিচয় করিয়ে দেন। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সফরসঙ্গীদের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। এর আগে, শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।