গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন।
পোস্টে তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে এনসিপিকে যে আসনগুলো ছেড়ে দিয়েছিল জামায়াতে ইসলামী, সেগুলোর মধ্যে যেসব প্রার্থীর অতীতের রাজনৈতিক বা সাংগঠনিক সম্পর্ক জামায়াত-শিবিরের সঙ্গে ছিল, তাদের বিজয় নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে অর্থনৈতিক ও সাংগঠনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছিল। তবে অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই ধরনের সমর্থন দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও উল্লেখ করেন, এনসিপির নেতা আব্দুল্লাহ হিল বাকির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে দলটির অভ্যন্তরে আলোচনা ও মতপার্থক্য তৈরি হয়েছে। তার দাবি, এনসিপিতে স্বতন্ত্র রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রত্যাশায় যুক্ত হওয়া একটি অংশ নিজেদের প্রতারিত মনে করতে শুরু করেছে।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, এনসিপি স্বাধীন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না; বরং দলটি জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি রাজনৈতিক ধারার অনুসারী হিসেবে কাজ করছে বলে তার অভিমত।
তবে রাশেদ খানের এসব মন্তব্যের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।