হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজারের বেশি
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন শিশু। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে আরও একজন। এর ফলে ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৬ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবকালে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৭৯ জনে। অন্যদিকে, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৭৮ জন।
হামের বিস্তার রোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।