জাতীয় সংসদ ভবনে অনগ্রিড সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৪ মে ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবন–এর শপথ কক্ষ হলে আয়োজিত ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অনুষ্ঠানে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সম্প্রসারণ নিয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা জানান, অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিডে বিকল্প জ্বালানি সংযুক্তির সুযোগ আরও বিস্তৃত হবে।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যসহ জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং ধীরে ধীরে পরিবেশবান্ধব জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে এই অন-গ্রিড রুফটপ সৌরবিদ্যুৎ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।