যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যয় কমাতে বড় পরিসরে কর্মী ছাঁটাই করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এর ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এইচ–১বি ভিসায় কর্মরত ভারতীয় পেশাজীবীরা। চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে অনেকের। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ছাঁটাইয়ে প্রযুক্তি খাতের ভারতীয় কর্মীরা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে এইচ–১বি ভিসাধারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালা অনুযায়ী, চাকরি হারানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি না পেলে দেশ ছাড়তে হতে পারে।
এইচ–১বি ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর স্পন্সর হিসেবে কাজ করে। ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে অবস্থান ধরে রাখতে নতুন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ প্রয়োজন হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া আগের তুলনায় অনেক কঠিন হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে কর্মী চাহিদার ধরন বদলে যাচ্ছে এবং অনেক চাকরি ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আনছে।
এর প্রভাব শুধু পেশাজীবনেই সীমাবদ্ধ থাকছে না, প্রবাসী ভারতীয় পরিবারগুলোর ব্যক্তিগত জীবনেও পড়ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু চাকরি হারানোর কারণে এখন তাদের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।