ভুয়া কমিটি ও প্রতারণামূলক প্রচারণা নিয়ে বিএনপি মিডিয়া সেলের সতর্কবার্তা
বিএনপি মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন স্থানে ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে দলটির মিডিয়া সেল। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের পরিচয়ে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে অনুমোদনবিহীন কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি সংগঠনের নজরে এসেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি পরিচালিত হচ্ছে, যা বিভ্রান্তির সৃষ্টি করছে। এতে আরও উল্লেখ করা হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া জেলা, মহানগর বা অন্য কোনো পর্যায়ে এ নামে কোনো সাংগঠনিক কমিটি গঠন করা হয়নি। ফলে যারা নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত প্রতিনিধি বা কমিটির সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে অননুমোদিতভাবে কমিটি গঠন, অনুমোদনের দাবি কিংবা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া তালিকা, কমিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভ্রান্তিকর প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।