মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। একই সঙ্গে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও বিস্তারিত এখনও আলোচনাাধীন রয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, “চুক্তির আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি হরমুজ প্রণালিও পুনরায় খুলে দেওয়া হবে।”
তিনি আরও জানান, এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার ফোনে কথা হয়েছে এবং সেই আলোচনা “খুব ভালো” হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময় এলো, যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার ইরান সফর শেষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে সফরটিকে “সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ” বলা হয়েছে।
এদিকে তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান বজায় রেখেছেন। ইরানের অভিযোগ, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় অতীতে দু’বার যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালিয়েছিল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় চালু হলে বৈশ্বিক জ্বালানি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর অন্যতম এই প্রণালি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
তথ্যসূত্র: Dawn