স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে রাজধানী মাদ্রিদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত “মার্চ ফর ডিগনিটি” বা “মর্যাদার পদযাত্রা” নামের এ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন।\
সমাবেশটি মূলত শান্তিপূর্ণ হলেও কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে দেশটির প্রধান বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থী দল ভক্স-এর নেতারাও অংশ নেন। আন্দোলনকারীরা স্পেনের জাতীয় পতাকা বহন করেন এবং “সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই”সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মুখোশধারী কয়েকজনকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
সম্প্রতি স্পেনের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তেজনা বেড়েছে। গত মঙ্গলবার দেশটির একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতোরোর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের ঘোষণা দেয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ২০২৪ সালে প্রধানমন্ত্রী সানচেজের স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে সানচেজ সাময়িকভাবে পদত্যাগের কথাও বিবেচনা করেছিলেন। তবে তিনি ও তার স্ত্রী বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। সানচেজের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কট্টর ডানপন্থীরা তার পরিবারকে টার্গেট করছে।
বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়েও ভিন্ন তথ্য পাওয়া গেছে। আয়োজকদের দাবি, প্রায় ৮০ হাজার মানুষ এতে অংশ নিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উপস্থিতি ছিল প্রায় ৪০ হাজার।
তথ্যসূত্র: Reuters