শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষা পদ্ধতিতে প্রশিক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে দক্ষতানির্ভর শিক্ষা সম্প্রসারণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।