যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৭) মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্রে জানা যায়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের EK 0220 ফ্লাইটে মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে EK 0582 ফ্লাইটে করে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।
এদিকে বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছে কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।