সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়াবাজার এলাকায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টর্চলাইট ব্যবহার করে একে অপরের ওপর হামলায় জড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে।
জানা গেছে, জাউয়াবাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আফরোজ মিয়ার কাছ থেকে প্রায় এক বছর আগে কিছু জমি ক্রয় করেন কোনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। তবে দীর্ঘ সময় পার হলেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। কয়েকদিন আগে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে জাউয়াবাজার এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের বহু সমর্থক আহত হন। এদিকে সংঘর্ষ চলাকালে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল যানজটে আটকা পড়েন। পরে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলের দিকে গেলে ইট-পাটকেলের আঘাতে তিনিও আহত হন। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে সংসদ সদস্যের উদ্যোগ এবং যৌথ বাহিনীর তৎপরতায় প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, জমি রেজিস্ট্রি নিয়ে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।