নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি বিএনপিসহ ২৫ দল, সময় বাড়ানোর চিন্তায় ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫০টি রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকই এখনো নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়নি। হিসাব না দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ২৫টি দল।
বুধবার ছিল রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশন বিবেচনা করছে।
তিনি বলেন, বৃহস্পতিবার কমিশনের সভায় এ-সংক্রান্ত নথি উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন মিললে দলগুলোকে আরও এক মাস সময় দেওয়া হতে পারে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সাধারণত নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিতে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো সময় বাড়ানোর আবেদন করে থাকে। তবে এখন পর্যন্ত কোনো দল আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আবেদন করেনি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। সেই হিসাবে বুধবার ছিল হিসাব জমা দেওয়ার শেষ দিন। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা গত ১৩ মার্চ শেষ হয়। পরে কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সময় এক মাস বাড়ায়।
জাপার ব্যয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা
এদিকে জাতীয় পার্টি নির্বাচনী ব্যয় হিসেবে পাঁচ লাখ পাঁচ হাজার টাকার হিসাব জমা দিয়েছে। বুধবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে ইসিতে হিসাব জমা দেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া। জাপার দেওয়া হিসাবে দেখা যায়, এবারের নির্বাচনে দলটির ১৯৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনী প্রচারণায় ব্যয় করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভায় ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মীদের খাতে ৬৫ হাজার টাকা। আরপিও অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে একটি রাজনৈতিক দল সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে পারে। সে হিসাবে জাতীয় পার্টি অনুমোদিত সীমার খুব সামান্য অংশ ব্যয় করেছে।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী ব্যয় হিসেবে সাড়ে চার কোটি টাকা দেখিয়ে হিসাব জমা দেয়।