দীপু মনি-ফারজানা রুপা, মোজাম্মেল বাবু কে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জেলে পাঠানোর নির্দেশ
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তাদের হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় দীপু মনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই ঘটনার পর আন্তর্জাতিক মহলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে সমর্থন করে বক্তব্য দেওয়া হয়েছিল। এছাড়া প্রসিকিউশনের দাবি, হেফাজতে ইসলামের সমাবেশকে ‘উসকানিমূলক’ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়। সে সময় একাত্তর টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপা প্রতিষ্ঠানটির প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলাটিতে এরই মধ্যে আরও কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আরও কয়েকজন। শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।