জনগণের প্রত্যাশা ও যৌক্তিক দাবি থাকলে কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি জনগণের কাছে তুলে ধরে, সেগুলো বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। ধাপে ধাপে বিভিন্ন অঙ্গীকার পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদানের ব্যবস্থাও নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, আগামী জাতীয় বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকার মানুষ এ সুবিধার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, অতীতে সরকারের সমালোচনা করলেই অনেককে গুম, মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে জনগণ সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ আত্মত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। দেশকে স্বৈরাচারমুক্ত করার পর এখন পুনর্গঠনের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শুধু পরিবর্তন আনাই যথেষ্ট নয়, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করাও জরুরি।