পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের চলমান নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উদ্বোধনের পর খালপাড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নদী ও খাল পুনঃখনন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এই উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।