প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কে জনতার ঢল, নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ
চাঁদপুর সফরকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়। শনিবার (১৬ মে) সকাল থেকে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আলেম-ওলামা, মুক্তিযোদ্ধা, কৃষক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, স্থানীয় উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ অংশে অভ্যর্থনা কর্মসূচির নেতৃত্ব দেন ছয়বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সকাল থেকেই তিনি নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতা ও বোনাস চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে আলেম-ওলামারা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধারাও ব্যানার নিয়ে তাকে অভিনন্দন জানান।
এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা পুরোহিতদের জন্য বোনাস প্রদান ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে উলুধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগকে কেন্দ্র করে বিপুলসংখ্যক নারী ফুল হাতে মহাসড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অন্যদিকে কৃষকরাও ধানের শীষ ও কৃষিকাজের প্রতীকী উপকরণ নিয়ে কৃষি সহায়তা কর্মসূচির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে তিনি গাড়ি থামিয়ে ধর্মমন্ত্রী কায়কোবাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। অভ্যর্থনা কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বীর মুক্তিযোদ্ধা, আলেম-ওলামা এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।