শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে এনসিপির প্রতিনিধি দলের সংহতি
রাজধানীর শাহ আলী মাজারে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত ভক্তদের সঙ্গে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দলটির একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করেছে।
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি শাহ আলী মাজার এলাকায় যান। এ সময় তারা মাজার জিয়ারত করেন এবং হামলায় ক্ষতিগ্রস্ত ও উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত শোনেন।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান ও জায়েদ বিন নাসেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম এবং শাহ আলী থানার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম রানাও প্রতিনিধি দলে ছিলেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় বক্তব্যে সারোয়ার তুষার বলেন, গত দুই বছরে দেশের বিভিন্ন মাজারে সংঘটিত হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। তিনি দাবি করেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ কয়েকটি ঘটনায় হামলাকারীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তার ভাষ্য, “অপরাধীদের রাজনৈতিক পরিচয় আড়াল করতে বিভিন্নভাবে ঘটনাগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। এভাবে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মাজারসহ সব ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা জোরদার করা জরুরি। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।