আজ দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন-এ মঙ্গলবার (১৯ মে) দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ মানুষের দোর গোড়ায় দ্রুত ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, অনলাইন নামজারি, খতিয়ান ও পর্চা সেবা, ভূমি উন্নয়ন কর প্রদানসহ নাগরিকবান্ধব নানা কার্যক্রম তুলে ধরা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এ মেলা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারীদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানান, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি কমানো এবং জনগণের ভোগান্তি হ্রাসে ডিজিটালাইজেশন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।