গাজীপুর-এর পূবাইল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সুনীল রবিদাস (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাঝুখান রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনীল রেললাইনের পাশে হাঁটছিলেন। একপর্যায়ে ট্রেন আসতে দেখে তিনি কিছুক্ষণ লাইনের পাশে দাঁড়িয়ে থাকেন। পরে ট্রেনটি কাছে পৌঁছালে হাতে থাকা একটি চিরকুট ফেলে দিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, “মিস ইউ অল। আমার ভুলগুলো ক্ষমা করে দিও মা।” সেখানে দুটি মোবাইল নম্বরও পাওয়া যায়।
নিহত সুনীল রবিদাসের বাবার নাম মৃত লাল চন্দ্র রবিদাস। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এ পিয়ন পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পরিচয়পত্র অনুযায়ী, তার বাড়ি হাজারীবাগ এলাকার গণতলী সিটি কলোনিতে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক হতাশা বা পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।