সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
এর আগে বুধবার আইনজীবী শিশির মনির জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আপিল বিভাগে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয় বিলুপ্ত করায় সরকার আদালত অবমাননা করেছে। বিষয়টি নিয়ে হাইকোর্টও বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান তিনি।
এর আগে সুপ্রিম কোর্টের সাত আইনজীবীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ২ সেপ্টেম্বর রায় দেন। ওই রায়ে সংবিধানের বর্তমান ১১৬ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।
রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে দেয়।
গত ১৯ মে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সচিবালয়ের সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে।