মানহানিকর বক্তব্যের অভিযোগে নাসীরুদ্দীন পাটোয়ারীকে লিগ্যাল নোটিশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমানকে নিয়ে কথিত কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারী-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এবং ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
নোটিশে অভিযোগ করা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে আপত্তিকর এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের বহু মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এতে নোটিশ প্রদানকারী নিজেও ব্যক্তিগতভাবে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
আইনজীবী এ কে এম আজিজুল হক খান তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, কেন নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না-সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে- অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান, জজ কোর্ট, ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি।
এদিকে বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক বক্তব্যে শালীনতা বজায় রাখা এবং মানহানিকর মন্তব্য পরিহার করা নিয়ে নতুন করে বিতর্ক সামনে এসেছে।