ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে বিআরএফের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়ারীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি চাঁনমোহন রবিদাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাজেশ রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, আইন ও বিচারবিষয়ক সম্পাদক সাগর রবিদাস, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রনি রবিদাস, সাবেক প্রচার সম্পাদক রতন রবিদাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জয়ন্ত রবিদাস, ঢাকা মহানগর কমিটির সভাপতি তপন রবিদাস, সাংগঠনিক সম্পাদক চয়ন রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি নিরঞ্জন রবিদাস এবং যুবনেতা সজল রবিদাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছরের পথচলায় সংগঠনের অগ্রযাত্রায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের অবদান কখনও ভোলার নয়। তাদের আন্তরিক সহযোগিতা ও ত্যাগের কারণেই সংগঠনটি আজ জাতীয় পর্যায়ে রবিদাস জনগোষ্ঠীর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তারা আরও বলেন, রবিদাস জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সামাজিক মর্যাদা ও মানবিক উন্নয়নে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে সংগঠনের নেতৃত্বে দক্ষ ও শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বাড়ানোরও আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট ২০২৬ ঢাকায় বাংলাদেশ রবিদাস ফোরামের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করতে আগামী ১২ জুন রাজধানীর ওয়ারীর রামসীতা মন্দিরে প্রস্তুতিমূলক সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সম্মেলনের দিন সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠন-বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম, বাংলাদেশ রবিদাস যুব ফোরাম এবং বাংলাদেশ রবিদাস নারী ফোরামের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে বলে জানানো হয়। সভায় গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি সম্মেলনের আগেই গঠনতন্ত্রের চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে, যা কাউন্সিলরদের ভোটের মাধ্যমে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে করোনা মহামারি, রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজন সম্ভব হয়নি। তবে এবার সারাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সফল ও ঐতিহাসিক কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বার্তা প্রেরক: শিপন রবিদাস, সাধারণ সম্পাদক , বিআরএফ।