হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, ভেতরে ছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের অদূরে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের সংযোগস্থলের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ এক বন্দুকধারী নিরাপত্তা চৌকির দিকে গুলি ছুড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালায়। এতে বন্দুকধারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
সিক্রেট সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলির ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে অবস্থান করা সাংবাদিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা ‘গুলি চলছে, নিচু হোন’ বলে চিৎকার করতে থাকেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নর্থ লন ও আশপাশের এলাকায় সশস্ত্র নিরাপত্তা সদস্যদের টহল দিতে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নতুন কোনো হামলার আশঙ্কা নেই। তবে ঘটনাটির পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।