এক মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী
নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করা হবে।
শনিবার বিকেলে ত্রিশালের দড়িরামপুরে নজরুল একাডেমি প্রাঙ্গণের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে দীর্ঘদিন ধরে যে সামাজিক ও মানবিক অবক্ষয় তৈরি হয়েছে, তার ভয়াবহ উদাহরণ রামিসা হত্যাকাণ্ড। একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা প্রমাণ করেছে মানবিক মূল্যবোধ কতটা বিপর্যস্ত হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় কোনো ধরনের ছাড় দেবে না। দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে।
“ইনশাআল্লাহ, আগামী এক মাসের মধ্যেই রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড,”-বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যতে যেন কেউ শিশু ও নারীর বিরুদ্ধে এমন নৃশংস অপরাধ করার সাহস না পায়, সে জন্যই কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য আজও মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। রামিসা হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ঢাকার পল্লবীতে নিহত শিশুটির বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দুপুরের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খইয়ম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলা, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, নজরুলের নাতনি খিলখিল কাজীসহ অন্যরা।