সোমবার থেকে শুরু টানা ৭ দিনের ঈদুল আজহার ছুটি
সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে, জরুরি সেবা থাকবে চালু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ফলে আজ রোববার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদের পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে বিবেচিত হচ্ছে। এ বছর ২৮ মে (বৃহস্পতিবার) মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগেভাগেই ছুটির সময়সূচি পুনর্বিন্যাস করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মূল ঈদের ছুটির সঙ্গে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি যুক্ত করায় এবার মোট সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।
এর আগে ঈদযাত্রা সহজ করতে গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দীর্ঘ এ ছুটির মধ্যেও জরুরি সেবা কার্যক্রম সচল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতাল, চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট ও ডাকসেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। পাশাপাশি এসব জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করবেন।
ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি ফেরা ও যাতায়াতের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।