জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন।
সোমবার (২৫ মে) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন জাতির জাগরণের অন্যতম অগ্রদূত। তিনি সমাজের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য, কবিতা ও লেখনীতে স্বাধীনতা, মানবমুক্তি এবং ইসলামি চেতনার প্রতিফলন ঘটেছে।
তিনি আরও বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে নজরুল একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানিয়েছিলেন। কবির জন্মবার্ষিকীতে জাতিকে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নজরুলের আদর্শ ও চেতনাকে ধারণ করে সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে কবির সাহিত্যকর্ম নিয়ে গবেষণা সম্প্রসারণ এবং তা পৃষ্ঠপোষকতায় সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে প্রতিষ্ঠিত সরকারি গবেষণা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও কার্যকরভাবে সংস্কার করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে কবির জীবন, দর্শন ও সাহিত্যকর্ম তুলে ধরতে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, দেশীয় সাহিত্য ও সংস্কৃতিকে অপসংস্কৃতির আগ্রাসন থেকে রক্ষা করতে নজরুলের রচনা আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারে সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।