যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় চীনের সমর্থন
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে ইসলামাবাদের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শি জিনপিং বলেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে সবসময় কৌশলগত গুরুত্ব দিয়ে দেখবে বেইজিং। তিনি ইরান সংকট মোকাবিলায় পাকিস্তানের শান্তিপূর্ণ উদ্যোগের প্রশংসা করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইসলামাবাদ ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
বৈঠকে দুই দেশ যৌথভাবে একটি পাঁচ দফা শান্তি প্রস্তাবের বিষয় তুলে ধরে। প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতি, কূটনৈতিক সংলাপ জোরদার, বেসামরিক ও পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ সময় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও উপস্থিত ছিলেন। সম্প্রতি তিনি ইরান সফর করে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
শেহবাজ শরীফ বৈঠকে চীন ও পাকিস্তানকে ‘আয়রন ব্রাদার’ উল্লেখ করে বলেন, দুই দেশের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এ সম্পর্কের গভীরতার তুলনা নেই। চীনে চার দিনের সরকারি সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু, প্রযুক্তি ও জ্বালানি খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তি খাতে প্রায় ১২২ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তিও সম্পন্ন হয়েছে।