এক দিনে পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ টাকা
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতুতে। যানবাহনের বাড়তি চাপের মধ্যেই গত ২৪ ঘণ্টায় সেতুটি থেকে ৪ কোটি ৮০ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৬৭টি যানবাহন চলাচল করেছে। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।
অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ২৮৪টি যানবাহন সেতু পার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।
টোল আদায়ের দিক থেকে এটি পদ্মা সেতুর ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আদায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদকে কেন্দ্র করে এক দিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করে। সেদিন টোল আদায় হয়েছিল ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া ২০২৫ সালের ঈদুল ফিতরে এক দিনে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর ২০২৪ সালের ১৪ জুন টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, যা ছিল তৃতীয় সর্বোচ্চ রেকর্ড।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পদ্মা সেতুর উভয় প্রান্তে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাওয়া প্রান্তে একটি ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেনসহ ৭টি মূল বুথ ও ৩টি মোটরসাইকেল বুথসহ মোট ১০টি বুথ চালু রাখা হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্তে ৭টি মূল বুথ ও ২টি মোটরসাইকেল বুথসহ মোট ৯টি বুথের মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মোটরসাইকেলের অতিরিক্ত চাপ সামাল দিতে মাওয়া প্রান্তে অস্থায়ী অতিরিক্ত বুথও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, মাওয়া ও জাজিরা-উভয় টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। এর মাধ্যমে যানবাহন না থামিয়েই স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড ব্যবহারের ফলে যান চলাচল আরও দ্রুত ও সহজ হয়েছে। এতে টোল প্লাজায় যানজট ও অপেক্ষার সময়ও কমে এসেছে।