পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি।
সরকারি সূত্র জানায়, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের কাছে প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষকদের জন্য সরকারি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কার্ড পাবেন।
তিনি আরও জানান, কার্ডধারী কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের দাবি, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের আরেকটি ধাপ সম্পন্ন হলো। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালুর মাধ্যমে বিভিন্ন খাতে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।