হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ উদ্বেগ
দেশে হাম ও এর উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। এদের মধ্যে চারজন ঢাকা জেলার বাসিন্দা। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি—ছয়জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যু হয়েছে ১৬৪ জনের।
সংক্রমণের হারও উদ্বেগজনকভাবে বাড়ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ১২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ১৭৬ জন। এদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫২ জনে। তবে আশার খবর, একই সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধি জরুরি। একইসঙ্গে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।