মোহাম্মদপুরে ৯ হ/ত্যা: নানকসহ ২৮ জনের বিরুদ্ধে শুনানি আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন তাদের কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে। মামলার এজাহার অনুযায়ী, গ্রেপ্তার চার আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।
এর আগে, গত ৮ এপ্রিল মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র সরবরাহ না করায় আসামিপক্ষ সময়ের আবেদন করে। পরবর্তীতে ট্রাইব্যুনাল আজকের দিন নতুন করে শুনানির জন্য নির্ধারণ করে। নির্ধারিত দিনে প্রথমে প্রসিকিউশনের বক্তব্য শোনা হবে। চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত ২৮ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রসিকিউশনের উপস্থাপিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে সহিংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উপস্থিতি এবং উসকানিতে নিরীহ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকেই।