দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছে এবং ইতোমধ্যে সেখান থেকে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে বহির্নোঙর ও ডলফিন অয়েল জেটিতে মোট তিনটি বিদেশি জাহাজ থেকে পর্যায়ক্রমে ডিজেল ও জেট এ-১ জ্বালানি খালাস করা হচ্ছে। সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট এ-১ জ্বালানি নিয়ে আসা জাহাজ ‘এমটি গ্রেট প্রিন্সেস’ ডলফিন অয়েল জেটি-৬-এ (ডিওজে-৬) নোঙর করে বিমান জ্বালানি খালাস করছে।
অন্যদিকে প্রায় ৩৪ হাজার টন ডিজেলবাহী জাহাজ ‘এমটি লুসিয়া সলিস’ বহির্নোঙরে পৌঁছে লাইটারেজ পদ্ধতিতে খালাস কার্যক্রম চালাচ্ছে। বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, জোয়ারের সময় জাহাজটিকে ডলফিন অয়েল জেটি-৫-এ স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও ৩২ হাজার টন ডিজেল বহনকারী ‘এমটি টর্ম দামিনি’ জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে এবং সেখান থেকেও খালাস কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে জাহাজ ভেড়ানো ও খালাস কার্যক্রম জোয়ার-ভাটার সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। দক্ষ পাইলট ও টাগবোটের সহায়তায় কর্ণফুলী চ্যানেল দিয়ে এসব কার্যক্রম নিরাপদে সম্পন্ন করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি, খালাস ও বিতরণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।