সরকারি চাকরিতে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে নির্ধারিত ছকে তথ্য দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসে থাকা শূন্য পদ—যেগুলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য—সেসব পদ চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার পর্যায়ক্রমে বৃহৎ এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চায় বলে জানা গেছে।