কুমিল্লার দেবিদ্বার উপজেলার সড়কের বেহাল অবস্থা ও ঘনঘন দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি তুলে ধরে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, “এই রাস্তা ১০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই—দ্রুত রাস্তাটি করে দিন।”
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
সংসদ সদস্য বলেন, দেবিদ্বার এলাকার সড়কটি প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে এবং প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে। শুধু চলতি মাসেই অন্তত ২৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও প্রশাসনিক জটিলতার অজুহাতে দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। গত এক দশকের বেশি সময় ধরে সড়কটির উন্নয়ন কাজ স্থবির রয়েছে।
হাসনাত আবদুল্লাহ জানান, লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের আওতায় মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত অবস্থায় রয়েছে, যা দুর্ঘটনার অন্যতম কারণ। এ সময় তিনি ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে রুলিং দেওয়ার জন্য।