নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় কাভার্ডভ্যান থেকে এক হাজার পঞ্চাশ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যানে পাঁচটি ড্রামে করে প্রায় এক হাজার লিটার এবং একটি ছোট পিকআপে আরও পঞ্চাশ লিটার ডিজেল ময়মনসিংহের দিকে পাচার করা হচ্ছিল।
ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা গাড়ি দুটি আটক করে। এ সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫)।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে এ ধরনের জ্বালানি তেল পাচারের ঘটনা ঘটে আসছে।
পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল জব্দ করে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি পাচারের দায়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হাসানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।