ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও সাত হাজার টন ডিজেল বাংলাদেশে এসেছে। এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় চালানটি ডিপোতে এসে পৌঁছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের অপারেশনস ব্যবস্থাপক কাজী রবিউল আলম জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবেই ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। ধারাবাহিকভাবে এই তেল পার্বতীপুর ডিপোতে পৌঁছাচ্ছে।
তিনি আরও জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহেও আরও বড় পরিমাণ জ্বালানি আসার আশা রয়েছে।
চলতি এপ্রিল মাসে মোট ৪৪ হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আগে মার্চ মাসে তিন দফায় মোট ২২ হাজার টন ডিজেল এসেছে এই ডিপোতে।
এরও আগে ১৯ এপ্রিল পাঁচ হাজার টন এবং ১১ এপ্রিল আট হাজার টন ডিজেল এসেছে। সব মিলিয়ে চলতি মাসে এ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি দেশে পৌঁছেছে।