হজযাত্রা শুরু, সৌদিতে পৌঁছালেন ৩২ হাজার ৫৩২ জন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ কার্যক্রম পরিচালনা ও তথ্য ব্যবস্থাপনার বিশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাত ৩টা পর্যন্ত মোট ৮১টি পৃথক ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে পৌঁছান।
ফ্লাইট অপারেশনের হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৩৩টি ফ্লাইটে গেছেন ১৩ হাজার ৬৮৪ জন। পাশাপাশি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া)-এর ৩০টি ফ্লাইটে ১১ হাজার ২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এদিকে চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন টাঙ্গাইলের মো. আবুল কাশেম এবং অন্যজন জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল। পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবুল কাশেম মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে নইম উদ্দীন মণ্ডল সেখানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।
হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল। ওই দিন প্রথম সরকারি ফ্লাইটে ৪১৯ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হন। এ বছরের হজ ফ্লাইট পরিচালনা চলবে ২১ মে পর্যন্ত।
হজ শেষে বাংলাদেশি যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে অংশ নেওয়ার কথা রয়েছে।