সৌদিতে পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ বাংলাদেশি হজযাত্রী, মারা গেছেন ২ জন
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলমান ফ্লাইট কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ বুলেটিনে জানানো হয়, এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদর এলাকার মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদর উপজেলার মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে মো. আবুল কাশেম সৌদির মক্কায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অন্যদিকে মো. নইম উদ্দীন মণ্ডল স্বাভাবিক কারণে মক্কায় ইন্তেকাল করেন।
বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ২৬৬ জন। ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। যাত্রী পরিবহনের দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।