সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোররাতে রাজধানীর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা জানান, তিনি বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৫৭ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে জন্মগ্রহণ করেন গোলাম সারোয়ার মিলন। তাঁর বাবা মোতাহার হোসেন ছিলেন সরকারি চাকরিজীবী এবং মা হাসিনা বিশ্বাস।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ১৯৮১-৮২ মেয়াদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন। এর আগে ভাসানী ন্যাপ-সমর্থিত একটি বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণও করতে হয় তাঁকে।
১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি-তে যোগ দিয়ে তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই বছর এবং ১৯৮৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৪ আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে দল পরিবর্তন করলেও জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
মরহুমের ছেলে সাবায়ের সারোয়ার জানান, রোববার বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।