সরকার নারীদের জীবনমান উন্নয়ন ও গৃহস্থালি কাজের চাপ কমাতে নতুন উদ্যোগ হিসেবে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি সাধারণ ও নারী-প্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, রান্নার কাজে নারীদের ভোগান্তি কমাতে সরকার আলাদা একটি উদ্যোগ নিচ্ছে। এলপিজি গ্যাস সহজলভ্য করতে ‘এলপিজি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে মা-বোনদের কাছে সরাসরি গ্যাস সরবরাহ সহজ হবে। এতে গ্রামীণ ও শহর-উভয় এলাকার নারীদের রান্নার কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।
উলশী খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে খাল খননের মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষক, শ্রমজীবী মানুষ এবং তরুণদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নারী শিক্ষার প্রসার নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তি প্রদান করা হবে, যাতে তারা উচ্চশিক্ষায় আরও উৎসাহিত হয়। রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, কিছু মহল জুলাই সনদ ও গণভোট ইস্যুকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। জনগণের স্বার্থে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে কৃষক ও শ্রমিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন সরকারি উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য এবং প্রতিটি কর্মসূচি মানুষের কল্যাণকেন্দ্রিক হবে। এর আগে উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সকাল ৯টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল যশোরে প্রধানমন্ত্রীর প্রথম সফর, যদিও গত তিন মাসে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন।